১০১ শয্যায় উন্নীত হচ্ছে ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্স, খুশি স্থানীয়রা
দিনাজপুর প্রতিনিধি:দেশের ৪১৮টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে ১০১ শয্যায় উন্নীত করার সরকারি উদ্যোগে তালিকায় ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নাম অন্তর্ভুক্ত হওয়ায় সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের ৬ জুলাইয়ের এক আদেশে জানানো হয়, গ্রামীণ জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা উন্নয়নের লক্ষ্যে ৪১৮টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যায় উন্নীত করা হবে। পাশাপাশি নতুন ১৩টি উপজেলায় ১০১ শয্যাবিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্স স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।
ফুলবাড়ীবাসীর দাবি, দীর্ঘদিন ধরে শয্যা সংকটের কারণে রোগীদের দুর্ভোগ পোহাতে হয়েছে। অনেক সময় বেড না পেয়ে মেঝেতে চিকিৎসা নিতে হয়েছে। তারা আশা করছেন, শয্যা বৃদ্ধি ও প্রয়োজনীয় জনবল নিয়োগের মাধ্যমে স্বাস্থ্যসেবার মান উন্নত হবে।
স্থানীয়রা সরকারের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে হাসপাতালের চিকিৎসক, জনবল ও প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম নিশ্চিত করারও দাবি জানিয়েছেন, যাতে উপজেলার মানুষ উন্নত স্বাস্থ্যসেবা পেতে পারেন।




















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































